মানিকগঞ্জে মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি নিয়ে গড়িমসি, ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা বক্তব্য
বাংলাদেশ ওয়াকফ বোর্ডের নির্দেশনা বাস্তবায়নে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওয়াকফ বোর্ডের দেওয়া আদেশ অমান্য করে তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।
জানা যায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয় থেকে গত ২৪ মে ২০২৬ তারিখে স্মারক নম্বর ১৬.০২.০০০০.০২২.৩২.০০০.২৬/৮৮-এর মাধ্যমে মানিকগঞ্জ জেলা প্রশাসককে একটি আদেশ দেওয়া হয়।
ওই আদেশে মানিকগঞ্জ সদর উপজেলার চরবেউথা এলাকায় অবস্থিত দারুল আবরার আল-ইসলামীয়া মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২-এর ৬৪(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির পরিচালক আহসান হাবীবকে উচ্ছেদ করে ওয়াকফ বোর্ড অনুমোদিত গঠিত কমিটির কাছে মাদ্রাসার দায়িত্ব ও সম্পত্তি বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তবে ওয়াকফ বোর্ডের দীর্ঘ শুনানি শেষে দেওয়া সুস্পষ্ট সিদ্ধান্তের পরও প্রায় দুই মাস পার হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে ভুক্তভোগীরা চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করা হয়েছে। যদিও ওয়াকফ বোর্ডের আদেশ কার্যকর করা স্থানীয় প্রশাসনের আইনগত দায়িত্ব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ওয়াকফ বোর্ড অনুমোদিত মাদ্রাসা কমিটির সভাপতি ও ভুক্তভোগী মো. আব্দুল ওয়াদুদ খান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘুরছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কাজ না করে দিনের পর দিন আমাদের শুধু অপেক্ষায় রাখা হচ্ছে এবং ওয়াকফ প্রশাসনের আদেশ বাস্তবায়ন ঝুলিয়ে রাখা হয়েছে।”
এ অবস্থায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ওয়াকফ বোর্ডের নির্দেশনা বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ওয়াকফ বোর্ডের সভাপতি নাজমুল আরা সুলতানা বলেন, “ওয়াকফ বোর্ডের নির্দেশ বাস্তবায়নের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “ওয়াকফ বোর্ডের আদেশ বাস্তবায়নের জন্য এক সপ্তাহের মধ্যে মাদ্রাসা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

