সহায়তা পেল ১০০ পরিবার

বরকলের দুর্গম এলাকায় বন্যার্তদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের ত্রাণ বিতরণ

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ণ
বরকলের দুর্গম এলাকায় বন্যার্তদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের ত্রাণ বিতরণ
১০২

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সংগঠনটির উদ্যোগে উপজেলার বড় হরিণা, কোকিছড়া, ভুষণছড়া ও আইমাছড়া ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলার দুর্গম ও বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিন মাহফুজ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রতিনিধি ও সাংবাদিক মিল্টন বাহাদুর, প্রকৃতি ও জীবন ক্লাবের রাঙামাটি সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদ, সাংবাদিক উচিংছা রাখাইন কায়েস, মনু মারমা, তসলিম উদ্দিন, ইমরান হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড প্রশাসক আব্দুস সালাম।

 

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, তাঁদের বসবাসের এলাকাগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় অনেক সময় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায় না। এমন পরিস্থিতিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ তাঁদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে। এ জন্য তাঁরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।