রেল সচিবের কাছে স্মারকলিপি

ঈশ্বরদী জংশন স্টেশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন

ফিরোজ মাহমুদ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
ঈশ্বরদী জংশন স্টেশনে পাবনা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন
৮২

পাবনা-ঢাকা রুটে চলাচলকারী পাবনা এক্সপ্রেসের ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ঈশ্বরদীর সম্মিলিত নাগরিক জোট।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সদস্যসচিব আশিকুর রহমান লুলু কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, শ্রমিকদল নেতা সোহেল রানা, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সাঈফ হাসান সেলিম এবং আকরাম রায়হান বাবুসহ অন্যান্য নেতারা।

 

বক্তারা বলেন, পাবনা থেকে ঢাকাগামী ট্রেনে ৮০০ থেকে ৯০০ যাত্রী নিয়মিত পাওয়া কঠিন হবে। ফলে ট্রেনটি পর্যাপ্ত যাত্রী না পেলে সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে স্টপেজ দিলে ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই ট্রেনে উঠতে পারবেন, এতে যাত্রীসংখ্যা ও রাজস্ব—উভয়ই বৃদ্ধি পাবে।

 

তাঁরা আরও বলেন, বর্তমানে ট্রেনটির ইঞ্জিন পরিবর্তনের জন্য মাঝগ্রামে থামতে হয়। মাঝগ্রাম থেকে ঈশ্বরদী জংশন স্টেশনের দূরত্ব খুবই কম। তাই মাঝগ্রামের পরিবর্তে ঈশ্বরদী জংশনে ইঞ্জিন পরিবর্তন করা হলে একই সময়ের মধ্যে যাত্রী ওঠানামা সম্পন্ন করা সম্ভব হবে এবং এতে কোনো অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না।

 

বক্তারা দাবি করেন, মাঝগ্রাম একটি অপেক্ষাকৃত নিরিবিলি এলাকা হওয়ায় সেখানে যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত সুবিধা সীমিত। অন্যদিকে ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ইপিজেড, ইক্ষু গবেষণা কেন্দ্র, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং আলহাজ টেক্সটাইল মিলসহ গুরুত্বপূর্ণ শিল্প ও প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে। এছাড়া লালপুর, ভেড়ামারা ও আশপাশের এলাকার যাত্রীরাও ঈশ্বরদী জংশন থেকে সহজে ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন বলে তারা উল্লেখ করেন।

 

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের মাধ্যমে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিতে গেলে বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম অনুপস্থিত থাকায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁইয়া স্মারকলিপি গ্রহণ করেন।

 

পরে নেতৃবৃন্দ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের মাধ্যমে রেল সচিব বরাবরও স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব স্মারকলিপি গ্রহণ করেন।

 

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।