কুসুম্বা শাহি মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ প্রায় ১৪ লাখ টাকার দানসামগ্রী

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
কুসুম্বা শাহি মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ প্রায় ১৪ লাখ টাকার দানসামগ্রী
৬৯

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের দানবাক্স খুলে নগদ ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, একটি স্বর্ণের চামচসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার এবং বিদেশি মুদ্রা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান দানসামগ্রী মিলিয়ে মোট মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় স্থানীয় প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে নিয়ম অনুযায়ী দানবাক্সে জমা হওয়া অর্থ ও অন্যান্য সামগ্রী গণনা ও তালিকাভুক্ত করার কার্যক্রম শুরু হয়।

 

স্থানীয় সূত্র জানায়, দেশের অন্যতম ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসেন। ৫ টাকার নোটে স্থান পাওয়া এ ঐতিহ্যবাহী স্থাপনাটি ঘিরে অনেক দর্শনার্থী মানত করেন এবং দানবাক্সে অর্থ ও মূল্যবান সামগ্রী দান করেন।

 

মসজিদের নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হয়। সেই ধারাবাহিকতায় এবারও দানবাক্স খুলে নগদ ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা গণনা করা হয়। এছাড়া একটি স্বর্ণের চামচ, বিভিন্ন স্বর্ণালঙ্কার এবং ভারত ও মালয়েশিয়ার মুদ্রাও পাওয়া যায়।

 

দানবাক্স খোলার সময় মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ করা হবে। এসব অর্থ মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এবং ধর্মীয় কর্মকাণ্ডে ব্যয় করা হবে। একই সঙ্গে ঐতিহাসিক এ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় প্রশাসন সবসময় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।