পলিথিনের বস্তায় চাল সংরক্ষণ, সিংগাইরে দুই ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জের সিংগাইর বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২৪ জুন) সিংগাইর বাজারে পরিচালিত অভিযানে চালের গুদাম পরিদর্শনের সময় কয়েকটি প্রতিষ্ঠানে প্লাস্টিক ও পলিথিনের বস্তায় চাল সংরক্ষণ ও বিপণনের প্রমাণ পাওয়া যায়।
পরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর বিধান লঙ্ঘনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টে মেসার্স সোহেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান এবং মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল কালামকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনার বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে পণ্য সংরক্ষণ ও বাজারজাত করার আহ্বান জানানো হয়।
জনস্বার্থে বাজার তদারকি, পরিবেশ সংরক্ষণ এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


