অবরুদ্ধ ২০ পরিবার

ধুনটে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
ধুনটে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ
১০৯

বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের মালোপাড়া এলাকায় প্রায় ৩০ বছর ধরে ব্যবহৃত একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ধুনট থানায় পৃথক লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে সরেজমিন তদন্তের মাধ্যমে চলাচলের পথ উন্মুক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

 

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মালোপাড়া এলাকার প্রায় ২০টি পরিবার দীর্ঘ তিন দশক ধরে একটি নির্দিষ্ট পথ ব্যবহার করে প্রধান সড়কে যাতায়াত করে আসছে। এটি তাদের বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এবং এর কোনো বিকল্প পথ নেই। সম্প্রতি ওই পথে পাকা দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

 

অভিযোগে আরও বলা হয়েছে, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্ম এবং বিভিন্ন জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া এলাকার হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোর শ্মশানে যাতায়াত, অন্ত্যেষ্টিক্রিয়া এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত সমাধান না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

 

আবেদনে প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সরেজমিন তদন্ত, বন্ধ করে দেওয়া প্রতিবন্ধকতা অপসারণ, চলাচলের পথ পুনরায় উন্মুক্তকরণ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

 

এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি যাচাই করবেন এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।