উন্নয়ন ও স্বার্থ রক্ষায় ঐক্যের আহ্বান
ধুনট বাজারের ব্যবসায়ীদের ঐক্যই আমাদের শক্তি: আলিমুদ্দিন হারুন মন্ডল
ধুনট বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টায় অনুষ্ঠিত এ সভায় বাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধুনট পৌরসভার সাবেক মেয়র ও ধুনট পৌর বিএনপির সভাপতি মো. আলিমুদ্দিন হারুন মন্ডল। তিনি বলেন, “ধুনট বাজারের ব্যবসায়ীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাজারের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যা সফলভাবে মোকাবিলা করা সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন বেলাল হোসেন খান, মো. আরিফ খান, শ্রী রঞ্জন কুমার দেবসহ ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

