সিংগাইরে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট
ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে খাসি জিতল আর্জেন্টিনা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৩-১ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা দল। বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি সাদা খাসি, যা পুরো আয়োজনকে ভিন্নমাত্রা দিয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার খান বানিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন জামান গ্রুপের কর্ণধার নূর-এ-জামান পিয়াস এবং এইচ আর খান গ্রুপের কর্ণধার নাফিসা আঞ্জুম খান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে আর্জেন্টিনা। প্রথমার্ধে তাহসিনের গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ফাহিম ব্যবধান আরও বাড়িয়ে দেন। পরে আর্জেন্টিনার পক্ষে আরও একটি গোল হলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ম্যাচের শেষদিকে ব্রাজিলের হয়ে রনি একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় তাদের।
খেলা শেষে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের হাতে একটি সাদা খাসি এবং রানার্সআপ ব্রাজিল দলের হাতে একটি কালো খাসি তুলে দেওয়া হয়। পাশাপাশি উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে বিশেষ পুরস্কার হিসেবে একটি লাল মোরগ তুলে দেওয়া হয়, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহের সৃষ্টি করে।
আর্জেন্টিনা দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন মুসলিম উদ্দিন খান সেলিম এবং ব্রাজিল দলের ম্যানেজার ছিলেন শফিকুল আলম খান চন্দন। খেলার ধারাভাষ্য দেন মানিকগঞ্জ জেলা ফুটবল কল্যাণ সমিতির ভাষ্যকার এইচ আর হানিফ। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।
আয়োজক নাফিসা আঞ্জুম খান বলেন, বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। গ্রামীণ পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
স্থানীয়দের মতে, পুরস্কার হিসেবে খাসি ও মোরগ প্রদানের অভিনব আয়োজন টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনের সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।

