সিংগাইরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
সোমবার (৮ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কথিত চোরদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় আহত হন বাড়ির মালিক হাকিম আলী (৫০)। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ৭ থেকে ৮ সদস্যের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির উত্তর পাশের একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় রাজিব নামে ওই ব্যক্তি ঘর থেকে নগদ প্রায় ৪ লাখ টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী সুযোগ বুঝে রাজিবকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা রাজিবকে আটক করে গণপিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ধস্তাধস্তির সময় হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ডাকাতির নয়, চুরির ঘটনা হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”

