সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই
মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার কালাচাঁন মিষ্টির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মোবাইল রিচার্জের দোকান, একটি মুদি দোকান এবং একটি কনফেকশনারি দোকানে। এতে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।
খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
স্থানীয় বাসিন্দা মো. সাদেক জানান, গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

