গাজীপুরে ডুয়েটে উত্তেজনা অব্যাহত

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ক্যাম্পাসে প্রবেশ করলেন নতুন ভিসি

মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগর প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
কমপ্লিট শাটডাউনের মধ্যেই ক্যাম্পাসে প্রবেশ করলেন নতুন ভিসি
১১৪

শিক্ষার্থীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপেক্ষা করে অবশেষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। নিয়োগ পাওয়ার আট দিন পর বৃহস্পতিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন।

 

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে গিয়ে নিজ আসনে বসেন নতুন ভিসি। এ সময় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বৈঠক শেষে শিক্ষক ও কর্মচারীরাই তাকে ক্যাম্পাসে নিয়ে যান বলে জানান সংশ্লিষ্টরা।

 

ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে লাল কার্ড প্রদর্শন, ব্লকেড কর্মসূচি এবং টানা বিক্ষোভে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

 

মঙ্গলবার বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করলে বুধবার সকাল থেকেই পুরো ক্যাম্পাস কার্যত ফাঁকা হয়ে যায়। অধিকাংশ শিক্ষার্থী রাতেই নিজ নিজ বাড়ির উদ্দেশে ক্যাম্পাস ত্যাগ করেন। দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা বুধবার সকালে ক্যাম্পাস ছাড়েন।

 

আন্দোলনকারীদের দাবি, নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে উপাচার্য নিয়োগ দিতে হবে। একই সঙ্গে তাদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান মঙ্গলবার বিকেলে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বলেন, “মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

 

এর আগে বুধবার বেলা ১১টার দিকে গাজীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৫ থেকে ২০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত ভিসি। পরদিন বৃহস্পতিবার মেট্রোপলিটন সদর দপ্তরে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন।

 

ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কাজী রফিকুল ইসলাম বলেন, “নিজ কার্যালয়ে আসার পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।”