অভিযানে জব্দ প্রাইভেটকার ও সিগারেট
আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও শুল্কবিহীন বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা ৪৫ হাজার পিস প্যাট্রন (Patron) সিগারেট এবং ২০ হাজার পিস বিদেশি বেনসন সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেট ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ রাজষপুর এলাকার আবু তাহেরের ছেলে মাসুদুল আলম এবং বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার মির্জা আলীর ছেলে মো. মোবারক হোসেন।
আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল পাচারের অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

