প্রযুক্তিনির্ভর স্মার্ট ভূমি সেবায় গুরুত্বারোপ
সিংগাইরে অনুষ্ঠিত হলো ভূমি মেলা-২০২৬
“স্মার্ট ভূমি সেবা, নাগরিকের দোরগোড়ায়” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ভূমি মেলা-২০২৬’।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম শান্ত। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি।
এছাড়াও উপস্থিত ছিলেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ভূমি সেবার মানোন্নয়নে সাধারণ মানুষের মাঝে ‘ভূমি’ অ্যাপ ও অনলাইনভিত্তিক ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ডিজিটাল পদ্ধতিতে নামজারি, খতিয়ান উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ সম্পর্কে জনগণকে অবহিত করা গেলে সেবার গতি বাড়বে এবং হয়রানি কমবে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সহজে স্বচ্ছ ও দ্রুত সেবা পাবেন। এ ধরনের আয়োজন নাগরিকদের মধ্যে ডিজিটাল ভূমিসেবা বিষয়ে ইতিবাচক ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন বক্তারা।
অনুষ্ঠানে সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে মিউটেশন, খতিয়ান ও পর্চা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের পাশাপাশি আগতদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়।



