আধুনিক ব্রাহ্মণবাড়িয়া গড়তে চাইলেন দোয়া
“তারুণ্যের প্রথম ভোট, তরুণদের পক্ষে হোক” – সমাজসেবক সাদভান সারোয়ার শুভ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে আগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ সমাজসেবক সাদভান সারোয়ার (শুভ)। একই সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও বৈষম্যহীন শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাদভান সারোয়ার (শুভ) বলেন, ‘এ’ শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিক সুবিধার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া শহর এখনো অনেক পিছিয়ে রয়েছে। তিনি শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত ও খানাখন্দে ভরা সড়ক, অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, তীব্র ট্রাফিক অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।
তিনি আরও বলেন, দখলদার ও হকারদের দৌরাত্ম্য, যত্রতত্র বলপ্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ চাঁদাবাজির কারণে নগরজীবনে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে।
পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “এখনই সময় এসব অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমরা চাই পরিবর্তন।”
তিনি জানান, তরুণ প্রজন্ম ও সাধারণ নাগরিকদের প্রত্যাশা একটি ডিজিটাল সুবিধাসম্পন্ন, নিরাপদ, আধুনিক ও উন্নত ব্রাহ্মণবাড়িয়া শহর। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
নতুন ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে সাদভান সারোয়ার (শুভ) বলেন, “তারুণ্যের প্রথম ভোট, তরুণদের পক্ষে হোক।”

