বান্দরবানে আকস্মিক বন্যায় দুর্গতদের মাঝে সিসিডিবির জরুরি সহায়তা

মথি ত্রিপুরা,রুমা প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
বান্দরবানে আকস্মিক বন্যায় দুর্গতদের মাঝে সিসিডিবির জরুরি সহায়তা
৭৪

বান্দরবান পার্বত্য জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারের মাঝে জরুরি প্রাণ সহায়তা দিয়েছে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।

সোমবার (৭ সেপ্টেম্বর ) বান্দরবানে রুমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১০টি গ্রামের বন্যাদুর্গত ১১০ পরিবারের মাঝে এ জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

সিসিডিবির উদ্যোগে বান্দরবান জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি ও রুমা উপজেলার মোট ৬২৫টি পরিবারের জন্য এ জরুরি সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় ৩৫০টি, রোয়াংছড়িতে ১৬৫টি এবং রুমা উপজেলায় ১১০টি পরিবার রয়েছে।

প্রতিটি পরিবারের জন্য সহায়তা হিসেবে ২৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান এবং ১ প্যাকেট স্যানিটারি প্যাড দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে নগদ ৮ হাজার টাকা প্রদান করা হবে।

রুমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মি. অংসিনু, রুমা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শৈলাচিং মারমা, সিসিডিবির কোঅর্ডিনেটর আর্নেস্ট সরকার, সিসিডিবি বান্দরবানের এরিয়া ম্যানেজার হ্লামং মার্মা এবং হার-সেব প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।