পথচারীকে বাঁচাতে গিয়ে ধানের ক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত প্রতিমন্ত্রী; নি/হ/ত নারী পথচারী
অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথচারীকে বাঁচাতে গিয়ে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানের ক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর গাড়িচালক আহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত এক নারী পথচারী পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী আব্দুল বারী। সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ধানের ক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় পথচারী ও লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে সড়কের ওপর তোলেন।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়িচালকও এ ঘটনায় আহত হয়েছেন।
প্রতিমন্ত্রী দুই দিনের সরকারি সফরে জয়পুরহাট যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে কালাই পৌর শহরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত নারী পথচারীকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। গাড়িটি রাস্তা থেকে ফসলের মাঠে পড়ে স্থির হয়ে যায়। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন।

