তেলেঙ্গানায় লোহার রড বোঝাই লরির সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল ৬ যাত্রীর

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ণ
তেলেঙ্গানায় লোহার রড বোঝাই লরির সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল ৬ যাত্রীর
৯১

ভারতের তেলেঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

বুধবার (২৬ আগস্ট ২০২৬) ভোরে তেলেঙ্গানার সূর্যপেট জেলার হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়ার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। ভোর প্রায় ৪টার দিকে জাতীয় সড়ক দিয়ে চলার সময় বাসটি একটি লোহার রড বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। লরির পেছন থেকে বের হয়ে থাকা লোহার রড বাসের ভেতরে ঢুকে একাধিক যাত্রীকে গুরুতরভাবে আহত করে। এ সময় ঘটনাস্থলেই ৬ যাত্রীর মৃত্যু হয়।

 

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে সহযোগিতা করেন এবং পুলিশকে খবর দেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৫ জনই নারী।

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লরিটি আগে রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ধারণা করা হচ্ছে, বাসচালক বিষয়টি বুঝতে না পারায় সরাসরি লরির পেছনে ধাক্কা দেন। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিয়েও তদন্ত চলছে।

 

মর্মান্তিক এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে।