সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার
৯৪

নাটোরের সিংড়া উপজেলায় নিখোঁজের একদিন পর আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানের একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত আনোয়ার হোসেন উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল কান্দিপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে।

 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইজিবাইক চালক আনোয়ার প্রতিদিনের মতো রোববার ইজিবাইক নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দিন শেষে রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পানাগাড়ি এলাকার একটি পুকুরপাড়ে আমগাছের নিচে আনোয়ারের হাত ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

 

নিহতের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা আনোয়ারকে হত্যা করে তার ব্যবহৃত ইজিবাইক ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে।

 

সিংড়া থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।