ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি ও এক পাচারকারী গ্রেপ্তার

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি ও এক পাচারকারী গ্রেপ্তার
৯৭

ভারতের ত্রিপুরা রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। একই অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, ত্রিপুরার খোয়াই থানার সিঙ্গিছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চারচাকার গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার তিন বাংলাদেশি হলেন সুনামগঞ্জ জেলার বাসিন্দা রিপন তালুকদার, সুজাতা তালুকদার ও এক নাবালক।

 

এ ঘটনায় মানবপাচার চক্রের মূলহোতা হিসেবে অভিযোগ ওঠা প্রিয়লাল সরকারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি আগরতলার রামনগর এলাকায় বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকার গাড়ি জব্দ করা হয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা কীভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেছেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।