পশ্চিমবঙ্গে পাঁচতলা হোটেলে অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ৬ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তারাপীঠ থানার পাশে অবস্থিত পাঁচতলা বিদেশিনী হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হোটেল থেকে মোট ২০ জন আবাসিক অতিথিকে উদ্ধার করা হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে হোটেলের ভেতরে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হয়।
উদ্ধার অভিযান শেষ হওয়ার পর হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পর হোটেলজুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রাণ বাঁচাতে অনেক অতিথি ব্যালকনি দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কেউ কেউ পাশের গাছ বেয়ে নিচে নামারও চেষ্টা করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

