৭ পুণ্যার্থীর নিহত

বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে মন্দিরে হুড়োহুড়ি

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে মন্দিরে হুড়োহুড়ি
৯৫

ভারতের বিহারে একটি শিবমন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে এ দুর্ঘটনা ঘটে। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে বিপুলসংখ্যক পুণ্যার্থী সেখানে পূজা দিতে গিয়েছিলেন।

 

প্রাথমিকভাবে জানা গেছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার পড়ে রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় অনেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় হুড়োহুড়ি। অতিরিক্ত ভিড়ের মধ্যে একে অপরকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টায় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

 

একপর্যায়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থাকে জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের নিকটবর্তী স্টেশনে পৌঁছায়। এতে মন্দির চত্বরে ভিড় আরও বেড়ে যায়।

 

তিনি বলেন, “সাতজনের মৃত্যুর খবর পেয়েছি। বলা হচ্ছে, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ায় মন্দিরের ভেতরে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এর জেরেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তবে সবকিছু খতিয়ে দেখার পরই প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।”

 

দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখছে।