জাতীয় মৎস্য পদক ২০২৬-এ ‘স্বর্ণপদক’ পেল নোয়াখালীর আলা উদ্দিন ফিসারিজ
মাছের পোনা উৎপাদনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬’-এ স্বর্ণপদক অর্জন করেছে নোয়াখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান ‘আলা উদ্দিন ফিসারিজ’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলা উদ্দিনের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পদক প্রদান করা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আলা উদ্দিন ফিসারিজ নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সঠিকভাবে সরবরাহ এবং উপকূলীয় অঞ্চলে মাছ চাষ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরের মোট ১৭ দশমিক ৬ হেক্টর জলাশয়ে গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে।
পোনা উৎপাদনের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে খামারটিতে ৩২ জনের স্থায়ী এবং ৬৩ জনের খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, মানসম্মত পোনা উৎপাদন ও সরবরাহ এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে আলা উদ্দিন ফিসারিজকে স্বর্ণপদকের পাশাপাশি ৫০ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ে এ অর্জনে নোয়াখালীর মৎস্যচাষিদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই স্বীকৃতি জেলায় গুণগতমানের পোনা উৎপাদন এবং আধুনিক মৎস্যচাষের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

