জীবিত উদ্ধার ১৮ শ্রমিক

উত্তরাখণ্ডে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, ৭ শ্রমিকের মৃত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ
উত্তরাখণ্ডে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, ৭ শ্রমিকের মৃত্যু
৭১

ভারতের উত্তরাখণ্ডের একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর উদ্ধারকারী দল তাদের মরদেহ উদ্ধার করেছে। এখনও সুড়ঙ্গের ভেতরে অন্তত তিনজন শ্রমিক আটকে রয়েছেন।

 

চামোলি জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ তীব্র জলস্রোত ও ধসের কবলে পড়েন তারা। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

চামোলির পুলিশ কর্মকর্তা সরজিৎ সিং পওয়ার জানান, জলস্রোত অত্যন্ত তীব্র ছিল। এর ফলে সুড়ঙ্গের ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই নিজেদের রক্ষা করতে পারেননি। প্রবল স্রোতে তারা অনেক দূর পর্যন্ত ভেসে যান।

 

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নির্মীয়মাণ সুড়ঙ্গটির ভেতরে বিপুল পরিমাণ ধস নামে। এর পরপরই প্রবল জলস্রোত ধেয়ে আসে। সে সময় ওই শিফটে কর্মরত শ্রমিকরা সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েন।

 

দুর্ঘটনার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং উদ্ধার কার্যক্রমের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।

 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। ধ্বংসস্তূপের ভেতরে এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।