আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গাছে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু
ভারতের আসাম রাজ্যের রঙিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর রাতে রঙিয়ার বালাগাঁও এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি টাটা নেক্সন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা গাড়ির দরজা ভেঙে ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অথবা চালকের ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারণ দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতর থেকে কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
নিহত দুই যুবক হলেন বঙাইগাঁওয়ের দেবাশীষ কুন্ডু ও নাহর দে। দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

