পটিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে আনন্দ ভ্রমণের ব্যতিক্রমী উদ্যোগ

মুহাম্মদ আকতার উদ্দিন প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
পটিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনামূল্যে আনন্দ ভ্রমণের ব্যতিক্রমী উদ্যোগ
১৪৮

চট্টগ্রামের পটিয়া উপজেলার সরকারি ও বেসরকারি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের লক্ষ্যে এক অভিনব ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং নাহার পার্কের সম্মানিত পরিচালক জসিম স্যারের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত এই ব্যতিক্রমী কার্যক্রমের আওতায় পটিয়া অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে বিনোদন পার্কটির সকল রাইড উপভোগ করার সুবর্ণ সুযোগ পাবে। এই বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে প্রতি সপ্তাহে নির্বাচিত ১০ জন করে শিক্ষার্থী নাহার পার্কের আধুনিক ও রোমাঞ্চকর রাইডগুলো বিনামূল্যে চড়ার আনন্দ লাভ করবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ সুবিধা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সুবিধার্থে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নাহার পার্কে বিনামূল্যে প্রবেশের সুবিধা পেতে ইচ্ছুক মাদ্রাসা শিক্ষার্থীদের ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম এবং বিশেষ পরিচয়পত্র বা আইডি কার্ড সংগ্রহ করতে হবে। ফরম পূরণ ও কার্ড সংগ্রহের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে নির্ধারিত সংখক শিক্ষার্থীকে এই বিনোদন ভ্রমণের সুবিধা প্রদান করা হবে।

ব্যতিক্রমী ও মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন জানান, শিক্ষার্থীদের পড়ালেখার একঘেয়েমি দূর করা, তাদের শারীরিক ও মানসিক সুস্থ বিকাশ ঘটানো এবং পড়াশোনার পাশাপাশি একটি আনন্দময় পরিবেশ উপহার দেওয়াই তাঁদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মানসিক প্রফুল্লতা অত্যন্ত জরুরি, যা তাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সুবিধা ত্বরান্বিত করতে যেকোনো যোগাযোগের জন্য ০১৮১২-৮১০৬৫২ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এই কল্যাণমুখী কার্যক্রমের ধারাবাহিক প্রচার ও বাস্তবায়ন অংশ হিসেবে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ ব্রাহ্মণপাড়ায় অবস্থিত ‘পটিয়া হুসাইনিয়া আজিজিয়া তানজিমুল কুরআন মডেল মাদ্রাসা’য় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এই সুবিধার বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সম্মানীয় পরিচালক মাওলানা ক্বারী আব্দুল বাছেত খান হুসাইনী এবং সহকারী পরিচালক মাওলানা শাহাদাত সিনওয়ার। উপস্থিত অতিথিবৃন্দ মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও আনন্দ ভাগাভাগি করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সুশীল সমাজ ও শিক্ষানুরাগীদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এটি দক্ষিণ চট্টগ্রামে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। উল্লেখ্য, নাহার রিসোর্ট পার্ক বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আধুনিক, নান্দনিক ও নিরাপদ বিনোদনকেন্দ্র হিসেবে সর্বমহলে পরিচিত। পরিবার-পরিজন এবং শিক্ষার্থীদের জন্য আনন্দঘন সময় কাটানোর উপযুক্ত এই পার্কটির প্রতিটি রাইড অত্যন্ত আধুনিক ও মানসম্মত হওয়ায় দিনে দিনে এটি বিনোদনপ্রেমীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে।

ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও নাহার পার্ক কর্তৃপক্ষের এই যৌথ কল্যাণমূলক উদ্যোগ পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের মানসিক প্রফুল্লতা ও বিনোদনে নতুন দিগন্ত উন্মোচন করবে। কোমলমতি শিক্ষার্থীদের বিনোদনের অধিকার সুনিশ্চিত করতে এমন সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ সর্বমহলে সমাদৃত ও প্রশংসিত হচ্ছে।