সাটুরিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খোকন মিয়া গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের ভোয়াঁ গ্রামের পূর্বচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার মো. খোকন মিয়া দিঘলীয়া ইউনিয়নের ভোয়াঁ গ্রামের মো. হালাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের ভোয়াঁ গ্রামের পূর্বচক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খোকন মিয়াসহ আরও দুই ব্যক্তি সেখানে বসে ইয়াবা সেবন করছিল বলে পুলিশ জানায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে খোকন মিয়াকে ৩০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হন। তবে অপর দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
জেলা ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে সাটুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

