সোনারগাঁও জাদুঘরে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’ উপলক্ষে তথ্য সংগ্রহকারীদের বিশেষ ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ (সোনারগাঁও) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
সোনারগাঁও জাদুঘরে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’ উপলক্ষে তথ্য সংগ্রহকারীদের বিশেষ ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ
৬০

বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কারুশিল্পীদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’-এর তথ্য সংগ্রহকারীদের নিয়ে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল থেকে সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ এবং এ খাতের একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে ‘কারুশিল্পী জরিপ ২০২৬’ একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। ডিজিটাল এবং পদ্ধতিগত উপায়ে কারুশিল্পীদের তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের কারুশিল্প খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।

 

বক্তারা আরও বলেন, জরিপের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দক্ষতা, আন্তরিকতা ও নির্ভুল তথ্য সংগ্রহ দেশের কারুশিল্প খাতের উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন এবং নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।