সহায়তা পেল ৫০ পরিবার
হরিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অতি দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করীম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন এবং ৫০ জনকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া এতিম ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবারও বিতরণ করা হয়েছে।

