টিটিই বরখাস্ত - তদন্তে দুই কমিটি
৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ, রাবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে দুটি কমিটি গঠনসহ পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রায় আট ঘণ্টা অবরোধ শেষে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে একটি কমিটি রেলওয়ের অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে। অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের রাখা হয়েছে।
বৈঠকে ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা, প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া এবং গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য আগামী ৬ আগস্ট পুনরায় সভা অনুষ্ঠিত হবে।
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছেন। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে, টিটিইর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েক ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।




