গুরুতর আহত ৩

সিংগাইরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কামরুল হাসান, সিংগাইর প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
সিংগাইরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৭২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা (ঢাকা মেট্রো-৩০-৩০২৭) বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-১১-১০৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিতে থাকা আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।