লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনী

চৌধুরী মোহাম্মদ সুজন স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনী
১৭

সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে বান্দরবানের লামায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় লামা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আশরাফ। সভাপতিত্ব করেন সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নারী ও শিশুর অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি মো. শহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে পরিষদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, মশারি ব্যবহার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর বিনামূল্যে জন্মনিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান।
সমাবেশে সরকারি চিকিৎসা সহায়তা, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং নির্যাতনের শিকার অসহায় ব্যক্তিদের বিনামূল্যে সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা গ্রহণের সুযোগ সম্পর্কেও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নারী জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রকাশিত সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।