বৃদ্ধাসহ আহত ২

হরিরামপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ

এসএম অপু, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
হরিরামপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ
৮৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

 

আহতরা হলেন উপজেলার হারুকান্দি ইউনিয়নের ব্রাহ্মণকান্দ (ইন্দপাড়া) এলাকার প্রয়াত পুন্ন চন্দ্র মণ্ডলের কন্যা মনি মালা (৯৫) এবং একই উপজেলার হারুকান্দির ভেলাবাদ গ্রামের কানাই লাল সরকারের ছেলে দূর্যয় সরকার (২১)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই (রোববার) সকালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ব্রাহ্মণকান্দ (ইন্দপাড়া) এলাকায় কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মনি মালা ও দূর্যয় সরকার আহত হন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত দুজনকে চিকিৎসার জন্য হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত মনি মালা অভিযোগ করেন, মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকার বাদশা মোল্লা ও তাঁর ছেলে ইমন মোল্লা, একই উপজেলার বেতিলা গোবিন্দপুর এলাকার কামাল হোসেন এবং স্থানীয় ব্রাহ্মণকান্দ (ইন্দপাড়া) এলাকার মো. টিউন শিকদার তাঁদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং তাঁকে ও তাঁর নাতিকে মারধর করে আহত করা হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

 

আহত দূর্যয় সরকার অভিযোগ করেন, বাদশা মোল্লা, তাঁর ছেলে ইমন মোল্লা এবং কামাল হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পেছন দিক থেকে লাঠি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে তিনি আহত হন এবং তাঁর নানি মনি মালার নাক ও মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

ভুক্তভোগী মিন্টু সরকার অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ও বহিরাগত ব্যক্তিরা তাঁদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁর মা ও ভাগ্নিকে গুরুতর আহত করেছেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের অভিযোগের বিষয়টি তাঁর জানা আছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।