পুড়িয়ে ধ্বংস দেড় লাখ টাকার জাল

চাটমোহরে নিষিদ্ধ চায়না ও দুয়াড়ি জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো : প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
চাটমোহরে নিষিদ্ধ চায়না ও দুয়াড়ি জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান
৬০

বর্ষার শুরুতেই পাবনার চাটমোহর উপজেলায় ব্যবহার নিষিদ্ধ চায়না ও দুয়াড়ি জালের বিরুদ্ধে অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা শুরু হয়েছে। ১১ জুলাই থেকে উপজেলার বিভিন্ন নদী, বিল ও জলাশয়ে এ অভিযান চালানো হচ্ছে।

 

অভিযান চলাকালে উপজেলার ছাওয়ালদহ, কাঁটা গাং, নলুয়া বিল, নবীন বিল, চর নবীন বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অর্ধশতাধিক চায়না ও দুয়াড়ি জাল জব্দ করা হয়।

 

মৎস্য ও জলজ প্রাণী সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টে দেড় লাখ টাকারও বেশি মূল্যের ৫০টি চায়না ও দুয়াড়ি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা সব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, চাটমোহর উপজেলার বিভিন্ন নদ-নদী, বিল, দহ ও অন্যান্য জলাশয়ে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছ, পোনা, ছোট মাছ এবং বিভিন্ন জলজ প্রাণী সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অবৈধভাবে মাছ আহরণ ও জলজ প্রাণী নিধন রোধে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

অভিযান শেষে জেলেদের চায়না জাল, দুয়াড়ি জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।