বন্ধু মানেই আত্মার সম্পর্ক: কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক তাজমুল আলম তাজু ভাইয়ের আমন্ত্রণে আশরাফ সরকারের আতিথেয়তা ও ভালোবাসার চার দিন
”বন্ধু মানে মনের মানুষ, আত্মার গভীরের মানুষ, বন্ধু ছাড়া মানুষ অচল। জীবনে যাদের বন্ধু নেই তাদের জীবন অর্থহীন। একজন বন্ধু মানেই জীবনকে পূর্ণাঙ্গ রূপ দানের মানুষ। বন্ধুর কষ্ট, ভালোবাসা, আনন্দ-উল্লাস—সবকিছু মিলিয়েই বন্ধু।” বন্ধুত্বের এই সুমহান ও পবিত্র সংজ্ঞার বাস্তব প্রতিফলন যেন কুষ্টিয়ার মাটি ও মানুষের ভালোবাসায় মিশে থাকা দুই বিশিষ্ট মানুষ—প্রবীণ সাংবাদিক তাজমুল আলম তাজু ভাই এবং আশরাফ সরকার ভাই।
সম্প্রতি কুষ্টিয়ায় চার দিনের এক সফরে গিয়ে এই দুই গুণী মানুষের আন্তরিকতা, বন্ধুত্ব এবং মানুষের প্রতি তাঁদের অগাধ ভালোবাসা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। বয়সে একদম সমসাময়িক হলেও তাঁদের হৃদয়ের বিশালতা এবং আন্তরিকতার কোনো তুলনা হয় না। তাঁদের ব্যক্তিত্ব ও গুণাবলীর প্রশংসা করতে গেলে বরং তাঁদের ছোট করা হবে; কারণ এই যান্ত্রিক পৃথিবীতে এখনো যে কিছু ভালো মানুষ বেঁচে আছেন, আর তাঁদের জন্যই যে পৃথিবীটা সুন্দর—তাজু ভাই ও আশরাফ সরকার ভাই তার অন্যতম দুই উজ্জ্বল দৃষ্টান্ত।
গত সপ্তাহের এই চার দিনের সফরে কুষ্টিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের তাঁদের ভালোবাসার যে দৃশ্য দেখা গেছে, তা এককথায় মুগ্ধ করার মতো। অত্যন্ত সরল মনের অধিকারী, সদালাপি এবং মিশুক স্বভাবের এই মানুষগুলোর মধ্যে আন্তরিকতার লেশমাত্র ঘাটতি নেই। কুষ্টিয়ায় অবস্থানকালে তাঁদের অতুলনীয় আতিথেয়তা এবং নিখাদ বন্ধুত্বের ছোঁয়া এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে।
জীবনের প্রতিটি পদক্ষেপে এমন বন্ধুরা থাকলেই পথচলা সহজ হয়, জীবন হয় সুন্দর ও অর্থবহ। কুষ্টিয়ার প্রবীণ ও জনপ্রিয় এই সাংবাদিক এবং ভালো মানুষদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, যেন তাঁরা সবসময় সুস্থ ও সুন্দর থাকেন।









