প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

দীঘিনালা সীমান্তে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা

কে এম দুলাল হোসেন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উচ্চপর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, কাঁটাতারের বেড়া নির্মাণ এবং আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ৭ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ২২৭৮-এর মধ্যবর্তী স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা এতে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পিয়ুশ কুমার। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে রাস্তা নির্মাণের বিষয়ে আপত্তি জানায় বিজিবি। এ ধরনের নির্মাণকাজ প্রচলিত সীমান্ত বিধিবিধানের পরিপন্থী বলে উল্লেখ করেন বিজিবি কর্মকর্তারা। জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার আশ্বাস দেন।
এ ছাড়া জোরপূর্বক বাংলাদেশে লোক পাঠানোর বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়। একই সঙ্গে বাবুছড়া সীমান্তে নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতির বিষয়টিও বৈঠকে তুলে ধরে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নম্বর ২২৭৫-এর ৫-এস অংশের কিছু ভূমিও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সৌজন্য বৈঠক সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন