ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবক রাসেল

গোবিন্দ রায়,ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবক রাসেল
৩৪

বগুড়ার ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও সংগঠক রাসেল মাহমুদ। তিনি পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা এবং গোলাম রব্বানীর ছেলে।

রাসেল মাহমুদ ধুনট ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি রক্তদান সংগঠন ‘ধুনট ব্লাড ব্যাংক’-এর প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর উদ্যোগে সংগঠনটির মাধ্যমে এ পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাগ রক্ত সরবরাহ করা হয়েছে। এ ছাড়া তিনি পরিবেশবাদী সংগঠন ‘বিডি ক্লিন’-এর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

করোনাকালেও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, বাজার করে দেওয়া এবং কাফন-দাফনে সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, মাদ্রাসা ও এতিমখানায় সহযোগিতা করে আসছেন।

কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রসঙ্গে রাসেল মাহমুদ বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ১ নম্বর ওয়ার্ডকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে চান তিনি। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকে অগ্রাধিকার দিতে চান।

তিনি আরও বলেন, টাকার বিনিময়ে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।

উল্লেখ্য, ধুনট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহিলা কলেজসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাই এ ওয়ার্ডের নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়ন বিশেষ গুরুত্ব বহন করে।