বগুড়ায় ৮ মামলার আসামী ‘কোবরা বাহিনীর’ রতন পাইকারসহ ৭ সহযোগী ৫৭০ পিস ইয়াবাসহ ডিবির জালে গ্রেফতার
বগুড়ায় জিম্মি করে মারধর ও মাদক কারবারের খবর পেয়ে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে গ্রেফতার হয়েছে শহরের কুখ্যাত ‘কোবরা বাহিনীর’ অন্যতম সক্রিয় সদস্য রতন পাইকার এবং তার ৬ জন সহযোগী। শনিবার দিনগত রাত আনুমানিক ১:২০ মিনিটে চালানো এই বিশেষ অভিযানে তাদের নিকট থেকে মোট ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ডিবির নিকট গোপন সংবাদ আসে যে, বগুড়া শহরতলীর বেজোর এলাকার আকবর আলীর একটি গ্যারেজে এক অজ্ঞাতনামা তরুণকে আটকে রেখে মারধর করছে কোবরা বাহিনীর সদস্যরা। সংবাদটি পাওয়ার সাথে সাথেই জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ রুবেল প্রামানিকের নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম অভিযান শুরু করে।
পুলিশের চৌকশ দলটি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় আকবরের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রথম দফায় গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ রতন পাইকার (৩৬), পিতা: মোঃ হান্নান পাইকার, সাং-মালতিনগর দক্ষিণপাড়া, থানা-সদর।
২. মোঃ বাবু শেখ (৩২), পিতা: মোঃ ইসরাইল, সাং-বেজোড়া স্কুলপাড়া (বর্তমানে কলোনি চকলোকমান), থানা-শাজাহানপুর।
৩. মোঃ মিরাজ মোল্লা (৩৫), পিতা: মোঃ শহিদ মোল্লা, সাং-ঠনঠনিয়া দক্ষিণপাড়া, থানা-সদর।
৪. মোঃ সুমন মিয়া (২৮), পিতা: আঃ মজিদ, সাং-ঠনঠনিয়া পশ্চিমপাড়া, থানা-সদর।
৫. মোঃ রাজু মিয়া (২৭), পিতা: মোঃ আঃ জব্বার, সাং-বেজোড় শ্যামলাগাথী পাড়া, থানা-শাজাহানপুর।
৬. মোঃ রিয়াদ সাকিদার (২৭), পিতা: মৃত আঃ রহিম সাকিদার, সাং-মালতিনগর দক্ষিণপাড়া, থানা-সদর।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান বিস্তৃত করে বগুড়া সদর উপজেলার কুকরুল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাদের অপর সহযোগী আবুল বাশার বাপ্পী (২৫) (পিতা: মোঃ মোজাফ্ফর হোসেন, সাং-কুকরুল দক্ষিণপাড়া)-কে আরও ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় চাঁদাবাজি, জিম্মি ও মাদকের একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছিল। রতন পাইকারসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন এবং মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধে অন্তত ৮টিরও বেশি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছে পুলিশ।

