টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল তিন দোকান; দগ্ধ ৮ মাসের শিশু
গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আগুনের স্ফুলিঙ্গে দগ্ধ হয়েছে আট মাস বয়সী এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের ইলিয়াস হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পাশের একটি বাড়িতে পড়লে সেখানে থাকা আট মাসের শিশুটি দগ্ধ হয়।
আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা পাশের দিঘি থেকে পানি এনে চেষ্টা চালান। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ইলিয়াস হোসেনের মুদি দোকান, মো. খোরশেদ আলমের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান এবং সুজনের একটি বিডি ফুড ডিলারের দোকান পুড়ে গেছে। তবে এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

