জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন
ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতারা, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ নেন। জানাজার পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রবীণ এই নেতার জানাজা ও দাফনের কর্মসূচি তিন ধাপে নির্ধারণ করা হয়। প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার পর দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।


