ধুনটে পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
ধুনটে পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রত্যয়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন
৫৬

বগুড়ার ধুনটে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এলাকাকে সবুজে সুশোভিত করার লক্ষ্যে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ধুনট উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির বিশেষ উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সরকারি চত্বরে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

​কর্মসূচির অংশ হিসেবে ধুনট থানা চত্বর, ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা, এইচ আর দাখিল মাদ্রাসা এবং উপজেলা বিআইএম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
​বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং তা পরিচর্যা করা উচিত।
​প্রেসক্লাবের এই পরিবেশবান্ধব ও মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সমাজ বিনির্মাণে সাংবাদিকদের কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ থাকলে চলবে না, সামাজিক দায়বদ্ধতা থেকেও এগিয়ে আসতে হবে। আমাদের এই উদ্যোগের অংশ হিসেবে থানা চত্বর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে ক্লাবের যেসব নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী মাঠে থেকে শ্রম দিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
​দিনব্যাপী চলা এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে আম, জাম, কাঁঠাল, মেহগনিসহ পরিবেশবান্ধব নানা জাতের গাছের চারা রোপণ করা হয় এবং চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সবুজায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।