লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

চৌধুরী মোঃ সুজন স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

oplus_0

৭২

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (০৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের প্রথম অংশে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ফাইতং এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ৬(খ) ধারার লঙ্ঘন এবং ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারা অনুযায়ী ১টি ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​একই দিনে পৃথকভাবে অপর একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। এসময় আরও ১২টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এই দুটি অভিযানে সর্বমোট ১৩টি মামলায় ১৩ জন আসামিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেবল জরিমানা আদায় শেষ কথা নয়; ইটভাটার মালিকরা আইন না মানলে প্রয়োজনে সেসব ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে।