রুমা জোন কমান্ডারের সঙ্গে প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
বান্দরবান রিজিয়নের আওতাধীন ৩৬ বীরের রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রুমা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রুমা জোন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে জোন কমান্ডারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি মংহাইথুই মার্মা, সাধারণ সম্পাদক অংবাচিং মার্মা, কোষাধ্যক্ষ উবাসিং মার্মা, সাবেক সাধারণ সম্পাদক চনুমং মার্মা ও সদস্য শৈলুমং মার্মা।
সৌজন্য সাক্ষাৎকালে রুমা উপজেলার সার্বিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। এ সময় প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রুমা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে জোন কমান্ডারের সহযোগিতা কামনা করেন।


