চাঁদা না দেওয়ায় সাংবাদিক মনিরকে হ/ত্যা/চে/ষ্টার অভিযোগ

সাভার (আশুলিয়া) প্রতিনিধি: মোঃ বাবুল হোসেন প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
চাঁদা না দেওয়ায় সাংবাদিক মনিরকে হ/ত্যা/চে/ষ্টার অভিযোগ
২৮

ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাংবাদিক ও ব্যবসায়ী মনির হোসেনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে জামগড়া বেরুন ছয়তলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মনির হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার গুরাট এলাকার সিরাজ সাংবাদিক মনির হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর সিরাজের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক মনির হোসেন বলেন, “আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে আমার ওপর হামলা চালানো হয়। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আহত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে কি না এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।