টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে পরিচ্ছন্নতা অভিযান

অমিত তালুকদার,সুনামগঞ্জ : প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে পরিচ্ছন্নতা অভিযান
৪৯

নীল জলের বিস্তীর্ণ হাওর, দূরের পাহাড় আর মেঘের ছায়া। প্রকৃতির অপার সৌন্দর্যে প্রতিদিনই মুগ্ধ হন দেশ-বিদেশের পর্যটকেরা। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই যখন পড়ে থাকে প্লাস্টিকের বোতল, পলিথিন ও নানা ধরনের বর্জ্য, তখন প্রশ্ন ওঠে, পর্যটনের এই উচ্ছ্বাস কি শেষ পর্যন্ত প্রকৃতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে?
এমন বাস্তবতায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেককে পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর এবং প্রাকৃতিক সৌন্দর্যের নীলাদ্রি লেকসহ জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে এ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

প্লাস্টিক দূষণসহ সব ধরনের দূষণ রোধ এবং পর্যটনকেন্দ্রগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে আয়োজিত এ কর্মসূচির শুরু হয় পরিবেশ রক্ষার শপথের মধ্য দিয়ে। বিডি ক্লিন সুনামগঞ্জ জেলার সদস্যদের শপথ পাঠ করিয়ে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এ সময় জেলা প্রশাসক বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি পর্যটক, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পর্যটনকেন্দ্রগুলোকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এরপর শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিনসহ নানা ধরনের বর্জ্য সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীরা। একই সঙ্গে পর্যটকদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়।

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বেসরকারি সংস্থা সিএনআরএস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, নেজারত ডেপুটি কালেক্টর মো. ফজলুল করিম টিপু, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, পরিদর্শক সাইফুল ইসলাম এবং সিএনআরএসের প্রতিনিধি সাইফুল ইসলাম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রকৃতির সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের উদ্দেশ্যে সংশ্লিষ্টরা বলছেন, টাঙ্গুয়ার হাওর কিংবা নীলাদ্রি লেকে এসে শুধু সৌন্দর্য উপভোগ করলেই হবে না, সেই সৌন্দর্য অক্ষুণ্ন রাখার দায়িত্বও নিতে হবে। কারণ একটি পর্যটনকেন্দ্রের পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের উদ্যোগে নয়, পর্যটক ও স্থানীয় মানুষের সম্মিলিত সচেতনতাতেই সম্ভব।