গাজীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নি/হ/ত ৩, আহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার(৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে কালিয়াকৈর -ফুলবাড়িয়া-মৌচাক আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি কালিয়াকৈর থেকে মৌচাকের দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন। স্থানীয়রা চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী আসাদুল্লাহর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন অটোরিকশার চালক শাকিল (৩৫) এবং যাত্রী খোকন মিয়া (২২) ও আসাদুল ইসলাম (১৯)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

