আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামছুল আলম চেয়ারম্যান ও সাইফুল ইসলাম নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামছুল আলম চেয়ারম্যান ও সাইফুল ইসলাম নির্বাহী পরিচালক

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামছুল আলম ও নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল।

৮২

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ নির্বাচন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ট্রাস্টি বোর্ডের পূর্বসিদ্ধান্ত ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় এই নিবাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। নিরপেক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনায় অস্থায়ী কার্যালয়ে সকল পরিচালকদের প্রত্যক্ষ মতামত ও উপস্থিতিতে এই প্রক্রিয়া পরিচালনা করা হয়।

উক্ত নির্বাচন পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারী। তাঁর সাথে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রুহুল আমিন এবং সামসুদ্দিন। যৌথ এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিয়মমাফিক নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র আহ্বান করা হলে সর্বসম্মত সিদ্ধান্ত ও সমঝোতার ভিত্তিতে চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অতিরিক্ত মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোঃ শামছুল আলমকে চেয়ারম্যান পদে এবং নির্বাহী পরিচালক পদে একইভাবে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় খন্দকার সাইফুল ইসলাম সজলকে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। সকল পরিচালকদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারী সকল আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব নবনির্বাচিত চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের ওপর আনুষ্ঠানিকভাবে অর্পণ করেন। নির্বাচন কমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোঃ রুহুল আমিন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা প্রদানে আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।