অন্ধকারে পৌর পরিষদের সদস্যরা
রাণীশংকৈল পৌরসভায় এডিপির কোটি টাকা বরাদ্দ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে পাওয়া প্রায় এক কোটি টাকার বিশেষ বরাদ্দ বাস্তবায়নকে কেন্দ্র করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পৌর পরিষদের সাধারণ সদস্যদের না জানিয়েই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এতে পরিষদের সদস্যদের মধ্যে ক্ষোভের পাশাপাশি স্থানীয় মহলেও নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ মে স্থানীয় সরকার বিভাগ থেকে রাণীশংকৈল পৌরসভার জন্য প্রায় এক কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়। প্রচলিত বিধি অনুযায়ী এ ধরনের বরাদ্দের আওতায় প্রকল্প নির্বাচন ও অনুমোদনের বিষয়টি পৌর পরিষদের সভায় আলোচনা এবং রেজুলেশনের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা।
তবে পৌর পরিষদের একাধিক সদস্যের অভিযোগ, এ বিষয়ে তাদের কোনো ধরনের অবহিত করা হয়নি। বরাদ্দের অর্থ কোন কোন প্রকল্পে ব্যয় করা হবে কিংবা এ-সংক্রান্ত কোনো সভায় তাদের অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
এদিকে অভিযোগ উঠেছে, পৌর পরিষদের আনুষ্ঠানিক অনুমোদনের আগেই প্রকল্প-সংক্রান্ত ফাইল প্রস্তুত করে কার্যাদেশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে বরাদ্দের অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

