পারিবারিক মীমাংসার দাবি ঘিরে ক্ষোভ

পটিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শাহীন আকতার, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
পটিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৪৮

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করেছে বলে দাবি করায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) সকালে শিশুটি শারীরিক ব্যথার কথা মাকে জানালে তিনি প্রথমে অন্য শারীরিক সমস্যা মনে করে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে জানান।

 

অভিযোগ অনুযায়ী, শিশুটি জানায় যে, মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লাহসহ কয়েকজন শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহকে গ্রেপ্তার করে।

 

মাদ্রাসার পরিচালক আবদুল্লাহ বলেন, বর্তমানে তার প্রতিষ্ঠানে ৬৫ জন শিক্ষার্থী রয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেছে, তা তিনি আগে জানতে বা বুঝতে পারেননি।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। তিনি বলেন, ভুক্তভোগীর অভিভাবক মামলা করতে রাজি হননি।

 

ভুক্তভোগীর অভিভাবক জানান, বিষয়টি তারা পারিবারিকভাবে মীমাংসা করেছেন এবং এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।

 

তবে অভিযোগটি পারিবারিকভাবে মীমাংসা করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, এমন গুরুতর অভিযোগের যথাযথ আইনি বিচার নিশ্চিত না করে মীমাংসার পথে যাওয়া উচিত হয়নি।