উদ্ধার বিপুল পরিমাণ মাদক
ডিবির পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পরিচালিত পৃথক বিশেষ অভিযানে এক হাজার পুড়িয়া হেরোইন, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ১ ও ২ জুলাই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে ১ জুলাই রাত ১০টা ১০ মিনিটে সাভার মডেল থানার ছায়াবিথী আমতলা এলাকা থেকে মো. জামাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযানে ২ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মো. ফাহিমুর রহমান ওরফে ফাহিম (২৬)-কে ২০০ পিস ইয়াবা এবং ৫০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
একই দিন রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়ার ধামসোনা এলাকায় পরিচালিত তৃতীয় অভিযানে সজল (৪০) ও মো. রাজ্জাক আলী (৩২)-কে ৫০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ফাহিমুর রহমানের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

