প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড

হরিরামপুরে ইয়াবা সেবনের অভিযোগে ৫ জন আটক

এসএম অপু, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
হরিরামপুরে ইয়াবা সেবনের অভিযোগে ৫ জন আটক
৬৯

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করে সংক্ষিপ্ত আদালতে (সামারি ট্রায়াল) উপস্থাপন করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

 

সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া গ্রাম থেকে ছয় পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার গোপীনাথপুর মজমপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেন (২৪), একই গ্রামের মজিদ বেপারীর ছেলে মুন্না মিয়া (২০), আরশেদ বেপারীর ছেলে রানা মিয়া (৩০), মৃত এলমেস বিশ্বাসের ছেলে মো. এলিন বিশ্বাস (১৮) এবং গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (২৩)।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের রাশেদ বিশ্বাসের মুদির দোকানের সামনে ফাঁকা স্থানে ছয় পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ স্থানীয় জনগণ তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় আনে। পরবর্তীতে আসামিদের সংক্ষিপ্ত আদালতে বিচারের জন্য প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন মুঠোফোনে জানান, মাদক সেবনের অভিযোগে আটক পাঁচজনকে সংক্ষিপ্ত আদালতে (সামারি ট্রায়াল) উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

 

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।